বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

আইন-আদালত

টাঙ্গাইলে কৃষক শামছুল হককে হত্যার দায়ে দুই নারীর যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: ২০২৫-০৫-২০ ১৯:১৭:২৬

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলে কৃষক শামছুল হককে হত্যার দায়ে মা ও মেয়ে দুই নারী আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। 

 

১৮ মে দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের কাতুলী গ্রামের মৃত রাজ্জাকের স্ত্রী রাহিমা (৫৫) ও মেয়ে রোজিনা আক্তার (৩২)।

 

টাঙ্গাইল স্পেশাল জজ আদালতের অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া জানান, বিগত ২০১৪ সালের (১৯ ফেব্রুয়ারি) সকালে কাতুলী গ্রামের কৃষক শামছুল হক (৫৫) বাড়ির পাশে নিজের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের রাজ্জাক তার স্ত্রী-সন্তানদের সাথে নিয়ে শামছুল হককে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে চলে যায়। বাড়ির লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় শামছুল হককে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। 

 

তিনদিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে শামছুল হকের স্ত্রী জামিরন বেগম টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা করেন। মামলায় রাজ্জাক এবং তার স্ত্রী রাহিমা, মেয়ে রোজিনা ও ছেলের রফিকুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে মামলা চলাকালীন অবস্থায় আসামি রাজ্জাক মৃত্যুবরণ করেন। 

 

এছাড়া ঘটনার সময় আসামী পক্ষের রফিকুলের বয়স কম থাকায় শিশু আদালতে এখনো তার মামলাটি বিচারাধীন রয়েছে। রোববার (১৮ মে) দণ্ডিত আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। স্পেশাল জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, বাদী পক্ষে এ রায় হওয়ায় আমরা আদালতের প্রতি সন্তুষ্ট ও কৃতজ্ঞ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭