প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলা আগেই টের পায় ইরান, গোপন স্থানে সরানো হয় ইউরেনিয়াম 

প্রকাশিত: ২০২৫-০৬-২২ ২০:৩১:৩৬

News Image

মোহাম্মদ আশরাফুর রহমান আকন্দ, তেহরান, ইরান: গতকাল শনিবার মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল ফোরডো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক কেন্দ্র। এই হামলা বিশ্বজুড়ে উদ্বেগের জন্ম দিলেও ইরান সরকার জানিয়েছে, এসব অঞ্চলের সাধারণ জনগণের জন্য তেমন কোনো ঝুঁকি তৈরি হয়নি।

 

ইরান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, “নাতাঞ্জ, ইসফাহান এবং ফোরডোসহ পারমাণবিক স্থাপনাগুলোর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কোনও বিপদের আশঙ্কা নেই। জনগণ আত্মবিশ্বাসের সাথে তাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারে।” তিনি নিশ্চিত করেন যে, হামলার পর এসব এলাকায় তেজস্ক্রিয় বিকিরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

 

এদিকে, ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন হামলার আগে ইরানের বেশিরভাগ উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম গোপন ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছিল। তিনি বলেন, “এই পদক্ষেপটি শনিবার ভোরেই সম্পন্ন হয় এবং এই কৌশলগত প্রস্তুতি ইরানের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়েছে।”

 

তিনি আরও জানান, “ফোরডো পারমাণবিক স্থাপনায় কর্মীদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, যাতে সম্ভাব্য মানবিক ক্ষয়ক্ষতি হ্রাস পায়।”

 

অন্যদিকে, মার্কিন এই আগ্রাসনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)-এর ১০ নম্বর অনুচ্ছেদের আওতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান চুক্তি থেকে সরে যাওয়ার আইনি অধিকার রাখে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।#