প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ২০২৫-০১-০৬ ০১:০৫:৫৪

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের আঠারোদানা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বাস-মোটর সাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম (২১) নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই মারা যান।

 

নিহত সাইফুল ইসলাম দিগড় ইউনিয়নের আঠারো দানা এলাকার আব্দুল মালেকের ছেলে। সাইফুল কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় একই এলাকার পূর্বপাড়া গ্রামের হামীমের ছেলে শাহীনুর (২০) গুরুতর আহত হন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে দুই বন্ধু চাচাতো ভাইয়ের মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় বাড়ির সঙ্গেই টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যান।

 

তারা আরও জানায়, এ ঘটনায় মোটর সাইকেল আরোহী শাহীনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর‍া হয়। তার ডান হাত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছে।

 

ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটর সাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে একজন মারা গেছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।